ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জামায়াত আমিরের
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টেস্টে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম।’ ডারউইন টেস্টে লাল-সবুজের এই জয় পুরো জাতির জন্য আনন্দ, গৌরব ও মর্যাদার বিষয়।
তিনি বলেন, খেলোয়াড়দের দৃঢ় মানসিক শক্তি, দলীয় ঐক্য, সহনশীলতা ও অসাধারণ পারফরম্যান্সের ফলেই এই স্মরণীয় জয় এসেছে। প্রতিকূল পরিস্থিতিতেও ক্রিকেটাররা মাঠে যে ধৈর্য, আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
জামায়াত আমির আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ও মর্যাদা আরও বাড়িয়ে ক্রিকেটাররা বাংলাদেশের জন্য বড় বড় অর্জন বয়ে আনবেন।
এমকে/বিএম২৪








