নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে অনার্স পর্যন্ত তাদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ শিক্ষার যাবতীয় ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার সব খরচ সরকার বহন করবে।
তিনি বলেন, মেয়েদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভবিষ্যতে দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। ভালো ফলাফল করা ছাত্রীদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, গ্রামাঞ্চলের দরিদ্র পরিবারের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের প্রতিবছর স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি প্রায় এক কোটি ২০ লাখ শিশুর হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হবে। নতুন বইয়ের পাশাপাশি প্রতিবছর শিশুদের স্কুল ব্যাগ ও পোশাকও সরবরাহ করা হবে।
নারীদের স্বাবলম্বী করার বিষয়ে তিনি বলেন, দেশের নারী সমাজকে শিক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী করে তুলতে চায় সরকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, পরিবারের দায়িত্ব পালনকারী নারীদের পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি ঘরে এ কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। এর অংশ হিসেবে কিশোরগঞ্জেও ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে।
মাছের পোনা অবমুক্ত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এসব মাছ বড় হয়ে ডিম ছাড়ার পর খাল-বিল ও জলাশয়ে ছড়িয়ে পড়বে। এর সুফল ভোগ করবে বাংলাদেশের মানুষই। তাই দেশীয় মৎস্যসম্পদ বৃদ্ধিতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন।
এমকে/বিএম২৪









