রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১৬ ককটেল ও ৪ পেট্রোল বোমা উদ্ধার

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১৬ ককটেল ও ৪ পেট্রোল বোমা উদ্ধার

সূত্রঃ বিডি মেইল

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো 


রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার তালপুকুরিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১৬টি তাজা ককটেল ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করেছে এসআরবি-৫। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তালপুকুরিয়া সিটিহাট থেকে কামালচত্বর সড়কের পূর্ব পাশে নেসকো বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশের পুঁইশাকের ক্ষেত থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।


বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-৫-এর মিডিয়া সেল। তারা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, সড়কের পাশে পুঁইশাকের ক্ষেতে শপিং ব্যাগের মধ্যে বোমাসদৃশ বস্তু পড়ে রয়েছে। পরে আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে দুটি শপিং ব্যাগ দেখতে পায়।


বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের শপিং ব্যাগ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৬টি ককটেল এবং একটি লাল রঙের শপিং ব্যাগ থেকে চারটি পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।


উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।