মোল্লাহাটে ঘেরের মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮; একজনের অবস্থা সংকটাপন্ন
সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে জমি নিয়ে পুরোনো বিরোধের জেরে মৎস্যঘেরের মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংহপুর গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মৎস্যঘের থেকে মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের আটজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে খোকন মোল্লা (৫০), তাঁর ছেলে সুমন মোল্লা (৩০) ও স্ত্রী আফসানাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে খোকন মোল্লার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।
অন্যদিকে, অপর পক্ষের রাসেল শেখকে (২৫) মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া নবির শেখের ছেলে আশিকুল শেখ (৪০) এবং শহীদ মোল্লার তিন সন্তান রবিউল মোল্লা (২২), লিমা (২৪) ও সিমা (১২) মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের সবার বাড়ি নরসিংহপুর গ্রামে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
এমকে/বিএম২৪








