ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ?
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ঘটনার দিন তাহসিফের সঙ্গে থাকা তার ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, কয়েকজনের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ।
দীপের দেওয়া বক্তব্য অনুযায়ী, ঘটনার দিন তারা দুজন রাজাবাড়ী ঘাট এলাকায় কথা বলছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন তাদের ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। আর দীপ সেখান থেকে কোনোমতে পালিয়ে যান।
এদিকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তার ব্যবহৃত নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল জানিয়েছেন, দীপের দেওয়া বক্তব্য এবং উদ্ধার করা মোটরসাইকেলের বিষয়ে গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পিবিআই বর্তমানে নৌ পুলিশকে সার্বিক সহায়তা দিচ্ছে।
এর আগে গত বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন তাহসিফের বাবা।
তাহসিফের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে আসায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। তবে তিনি কীভাবে নদীতে পড়েছিলেন, তার মৃত্যুর প্রকৃত কারণ কী এবং ঘটনার পেছনে কারা জড়িত—তা তদন্ত শেষে জানা যাবে।
এমকে/বিএম২৪








