ফরিদপুরে শহীদ জিয়া গোল্ডকাপের ফাইনাল, মাচ্চরকে হারিয়ে চ্যাম্পিয়ন চর শ্যামনগর
সংগৃহীত
মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার মমিনখাঁর হাট মাধবদিয়া ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ফরিদপুরের মাচ্চর ইউনিয়ন দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজবাড়ীর চর শ্যামনগর ইউনিয়ন দল।
শুক্রবার (৩০ অক্টোবর) মমিনখাঁর হাট বাজার পরিচালনা কমিটির আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি দেখতে মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে। উৎসবমুখর পরিবেশে দর্শকরা পুরো খেলা উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, কোতোয়ালি থানা বিএনপির সহসভাপতি আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, সাবেক শহর বিএনপি সভাপতি মো. রেজাউল ইসলাম, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন (রাজিব), মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ এবং মহানগর কৃষক দলের সহসভাপতি আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খেলা শেষে বিজয়ী চর শ্যামনগর ইউনিয়ন দলের হাতে এক লাখ টাকা পুরস্কার, ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ। অন্যদিকে, রানার্সআপ মাচ্চর ইউনিয়ন দলকে ৪০ হাজার টাকা মূল্যের একটি ফ্রিজসহ অন্যান্য সামগ্রী পুরস্কার হিসেবে দেওয়া হয়।
এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪








