পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
সংগৃহীত
জেলা প্রতিনিধি
পাবনার মালঞ্চিতে একটি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার ব্রিজের কাছে সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম।
এ দিকে মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, ‘বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। এ সময় ওই ঘরে বজ্রপাত হলে ছয়জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা কিশোর ও তরুণ।’
তিনি বলেন, ‘বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’
তবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এমকে/বিএম২৪








