রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০২ পিএম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

সংগৃহীত

জেলা প্রতিনিধি


পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে দ্বিতীয় দফায় পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিকেলে এ উৎপাদন প্রক্রিয়া শুরু হয়।


শুক্রবার বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম চ্যানেল টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেন।


মন্ত্রী জানান, আল্লাহর রহমতে দুপুর ১২টায় দ্বিতীয় দফা পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর ধীরে ধীরে পরীক্ষামূলকভাবে নিয়ন্ত্রিত শক্তি উৎপাদন বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু হবে।


এর আগে বৃহস্পতিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।


এই ধাপে প্রথমবারের মতো চুল্লিতে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে ধীরে ধীরে স্থিতিশীল ও নিয়ন্ত্রিতভাবে শক্তি উৎপাদনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। এর আগের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও সম্পন্ন হয়েছে।


আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা অনুসরণ করে রাশিয়ার সহযোগিতায় নির্মিত প্রকল্পটির প্রথম ইউনিটের ‘বি-১’ পর্যায়ের কাজ প্রায় সফলভাবে শেষ হয়েছে। সর্বশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কাটিয়ে ওঠা হয়েছে। এরপর শুরু হয়েছে ‘বি-২’ পর্যায়ের কার্যক্রম। এ পর্যায়ে প্রাথমিক পরিচালনার জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়।


পরবর্তী ধাপে চুল্লির সক্ষমতা ধীরে ধীরে বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ পর্যায়ে প্রয়োজনীয় পরীক্ষা ও নিরাপত্তা যাচাই সম্পন্ন হলে বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।


এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু করেছে রাশিয়া। গত বৃহস্পতিবার দেশটির পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


এমকে/বিএম২৪