টেনিসের জন্য কেনা জমিতে মসজিদ নির্মাণ করছেন সানিয়া, বিতর্ক তুঙ্গে
সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার একটি উদ্যোগ ঘিরে হায়দরাবাদে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। টেনিস প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার জন্য কেনা নিজের জমিতে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি। শুধু জমি দান নয়, মসজিদ নির্মাণের সম্পূর্ণ ব্যয়ও বহন করবেন সানিয়া।
সম্প্রতি মসজিদটির শিলান্যাস করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও তেলেঙ্গানার মন্ত্রী মহম্মদ আজহারউদ্দিন। জানা গেছে, সংশ্লিষ্ট এলাকায় বড় কোনো মসজিদ না থাকায় স্থানীয় বাসিন্দাদের নামাজ আদায়ের জন্য দূরে যেতে হয়।
তবে সানিয়ার এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে। অনেকে প্রশ্ন তুলেছেন, টেনিস প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ সম্ভব না হলে ওই জমিতে স্কুল বা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া যেত কি না।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের ধর্মীয় প্রয়োজন পূরণে সানিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। তাঁদের মতে, মসজিদ নির্মিত হলে এলাকার মানুষের নামাজ আদায়ে সুবিধা হবে।
ছয়টি গ্র্যান্ড স্লামজয়ী সানিয়া মির্জা দীর্ঘদিন আগেই পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন। বর্তমানে দুবাইয়ে তাঁর একটি টেনিস অ্যাকাডেমি রয়েছে।
ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই এবার জমিতে মসজিদ নির্মাণের উদ্যোগ ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন ভারতের সাবেক এই টেনিস তারকা।
এমকে/বিএম২৪








