পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপন

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম
পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপন

সূত্রঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধি :



পাবনায় আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫০ বছর পূর্তি ও ৫১ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ সময় বক্তারা বলেন, দৈনিক করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে। উত্তরাঞ্চলের ‘ইত্তেফাক’ হিসেবে পরিচিত এই পত্রিকা দীর্ঘ পাঁচ দশক ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। স্বাগত বক্তব্য দেন দৈনিক করতোয়ার পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমান।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক উৎপল মির্জা ও সৈকত আফরোজ আসাদ, সাবেক সহ-সভাপতি শহিদুর রহমান শহিদ, ক্লাব সদস্য ও একুশে টেলিভিশন এবং মানবজমিনের প্রতিনিধি রাজিউর রহমান রুমী এবং করতোয়ার সুজানগর প্রতিনিধি তৌফিক হাসান।

বক্তারা বলেন, দৈনিক করতোয়ার সাংবাদিক ও জেলা-উপজেলা প্রতিনিধিরা প্রত্যেকেই পরীক্ষিত ও দক্ষ সাংবাদিক। সম্পাদক ও প্রকাশক মোজাম্মেল হক লালুর নেতৃত্বে পত্রিকাটি মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। দীর্ঘ পথচলায় করতোয়া দেশের সংবাদপত্র জগতে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

তারা আরও বলেন, মানুষের ভালোবাসা ও আস্থার কারণেই করতোয়া আজ একটি প্রতিষ্ঠিত, জনপ্রিয় ও গ্রহণযোগ্য সংবাদপত্রে পরিণত হয়েছে। আগামী দিনেও পত্রিকাটি আরও এগিয়ে যাবে। শুধু ৫০ বছর নয়, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন করতোয়া মানুষের কথা বলে টিকে থাকবে—এমন আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমী খন্দকার, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক অর্থ সম্পাদক ড. নরেশ মধু, সাবেক সহ-সম্পাদক জিকে সাদী, নিউ এজ প্রতিনিধি মাহফুজ আহমেদ, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, সদস্য ও দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী বাবলা, সদস্য ও আমাদের সময় প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, এটিএন নিউজ ও আগামীর সময় প্রতিনিধি রিজভী জয়, কালের কণ্ঠ ও জাগো নিউজ প্রতিনিধি আলমগীর হোসাইন নাবিলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও করতোয়ার জেলা-উপজেলা প্রতিনিধিরা।

পরে অতিথি ও শুভানুধ্যায়ীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং মিষ্টিমুখের মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫০ বছর পূর্তি ও ৫১ বছরে পদার্পণ উদযাপন করেন।