মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল
সূত্রঃ সংগৃহীত
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত এবং অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের সবুজপাড়া এলাকার জেলা বিএনপি কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
আনন্দ মিছিলে জেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি মহিলা দল, যুবদল, কৃষক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় জেলা বিএনপির নেতারা আশা প্রকাশ করেন, কুড়িগ্রামের কৃতী সন্তান রিজভী আহমেদের নেতৃত্বে জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং তাঁর হাত ধরে সারাদেশে বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে।
এমকে/বিএম২৪








