তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বক্তব্য

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৮:৩৪ পিএম
তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বক্তব্য

সূত্রঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো নতুন তথ্য নেই বলে জানিয়েছে নয়াদিল্লি।


শুক্রবার দিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে মন্তব্য করার মতো কোনো তথ্য তার কাছে নেই। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সফর নিয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।


এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব এ এ এম সালেহ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভারত সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর নয়াদিল্লিতে এটি হতে পারে তারেক রহমানের প্রথম সফর। সফরটি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে।


২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। সেই সম্পর্ক স্বাভাবিক করতে উভয় পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।


সম্প্রতি দিল্লিতে একটি অনলাইন অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে বাংলাদেশ অসন্তোষ প্রকাশ করে। ঢাকা জানিয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন।


এদিকে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশের যোগ দেওয়ার গুঞ্জন নিয়েও ভারতের অবস্থান জানতে চাওয়া হয়। এ বিষয়ে জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ভারত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তবে এ মুহূর্তে তিনি এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি।


গঙ্গা পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে ভারতের এই মুখপাত্র জানান, ১৯৯৬ সালে স্বাক্ষরিত চুক্তিটির মেয়াদ ৩০ বছর। ভারত-বাংলাদেশের নদীসংক্রান্ত বিষয়গুলো যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনা করা হয় এবং গঙ্গা পানি চুক্তির আওতায় যৌথ কমিটির বৈঠক কারিগরি পর্যায়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।



এমকে/বিএম২৪