আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি: মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে মির্জা ফখরুলের শপথগ্রহণ অনুষ্ঠানের পর ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে দ্রৌপদী মুর্মু বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তাঁর দীর্ঘ জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় একটি সফল সময়ের সূচনা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ত্যাগের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং বন্ধুত্বের উষ্ণ সম্পর্কের ভিত্তিতে একটি অনন্য সম্পর্ক বিদ্যমান। সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে।
দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ বলেও বিবৃতিতে উল্লেখ করেন। একই সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, সুখ ও দায়িত্ব পালনে সফলতা এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন দ্রৌপদী মুর্মু।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এর আগে জুমার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল।
দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
এমকে/বিএম২৪








