তিন সচিব পদে রদবদল, রাষ্ট্রপতির কার্যালয়েও পরিবর্তন
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তিন সচিব পদে রদবদল করেছে সরকার। এর মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদেও পরিবর্তন আনা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ পরিবর্তনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি মন্ত্রণালয় থেকে মাত্র ১১ দিন আগে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে বদলি হওয়া চুক্তিভিত্তিক কর্মকর্তা রফিকুল আই মোহাম্মদকে এবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।
অন্যদিকে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।
এর আগে ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পরিবর্তন আনা হয়েছিল। তখন চুক্তিভিত্তিক নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব করা হয়। একই সময়ে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
সেদিন পৃথক আরেকটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের তৎকালীন সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।
এমকে/বিএম২৪








