রাষ্ট্রপতির শপথে ড. ইউনূস
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত শপথ অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানে যোগ দিতে অন্যান্য আমন্ত্রিত অতিথিরাও বঙ্গভবনে প্রবেশ করেন।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বঙ্গভবনের সামনের সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের প্রবেশের সময় পরিচয়পত্র ও আমন্ত্রণপত্র যাচাই করা হচ্ছে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
এদিকে একে একে বঙ্গভবনে প্রবেশ করছেন মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন বাহিনীর প্রধান, কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
শপথ অনুষ্ঠান সামনে রেখে বঙ্গভবনের দরবার হলের সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব আয়োজন শেষ হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন। আর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।
এমকে/বিএম২৪









