বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগে পদ হারালেন জামায়াত নেতা
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা জামায়াতের আমিরের পদ হারিয়েছেন মো. ইসমাঈল। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি বাতিল করা হয়েছে তার রুকন পদও।
তার স্থলে চান্দগাঁও থানা জামায়াতের নতুন আমিরের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক জসিম উদ্দিন। গত বুধবার চট্টগ্রাম মহানগর জামায়াত এ সিদ্ধান্ত নেয়।
তবে দলীয় পদ হারালেও জামায়াত প্রতিষ্ঠিত একটি বেসরকারি মেডিকেল কলেজের উপপরিচালক পদে এখনো বহাল রয়েছেন ইসমাঈল।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের চট্টগ্রাম মহানগর শাখার আমির নজরুল ইসলাম। এর আগে ইসমাঈলের বিষয়ে গঠিত তদন্ত কমিটি গত সোমবার প্রতিবেদন জমা দেয়।
নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বলেন, ইসমাঈলকে সরিয়ে অধ্যাপক জসিম উদ্দিনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জেনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক জসিম উদ্দিন বলেন, বুধবার তাকে চান্দগাঁও থানার দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইসমাঈলের পরিবর্তে তাকে কেন দায়িত্ব দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানেন না তিনি।
জানা গেছে, ২০২৩ সালে ইসমাঈলের সুপারিশে লোহাগাড়ার কলাউজানের এক নারী আইএমসিএইচে ডক্টর অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পান। চাকরিতে যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যেই ওই নারীর পদোন্নতি হয়। পরে ইসমাঈলের সঙ্গে তার বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে।
ওই নারীর স্বামীর পরিবারের দাবি, সম্পর্কের প্রমাণ পাওয়ার পর ২০২৪ সালের ১৮ ডিসেম্বর তার স্বামী তাকে তালাক দেন।
এ ঘটনায় তদন্তের জন্য চট্টগ্রাম মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ খায়রুল বাশারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। কমিটির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই ইসমাঈলের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এমকে/বিএম২৪









