দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন শেখ হাসিনা

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পিএম
দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন শেখ হাসিনা

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না, বরং ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, তিনি দেশে ফিরলে বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে ফেরার পর আইনি প্রক্রিয়ায় যা হওয়ার, তা-ই হবে।


জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও জল্পনা চলছে। কখনো বলা হচ্ছে ডিসেম্বরের পর জুনে আসবেন, আবার জুনের পর ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এভাবে একই আলোচনা চলতে থাকবে। তবে তিনি দেশে ফিরলে সরকার খুশি হবে। তাহলে তাকে আর বেঁধে আনতে হবে না।


শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গে অতীতের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, এরশাদের পতনের পরও তিনি দেশে ছিলেন, কারাবরণ করেছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন। তখনো পুলিশ থানায় দায়িত্ব পালন করেছে।


তথ্য উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হবেন না। শেখ হাসিনা কখনো কারও প্রতি ন্যায়বিচার করেননি, তবে বর্তমান সরকার তার প্রতি ন্যায়বিচার করবে।


এমকে/বিএম২৪