এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম
এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী শনিবার (৩১ অক্টোবর) এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্টার নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান।


এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে পরবর্তী সিদ্ধান্তে ফল প্রকাশের তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।


চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।


এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।


এমকে/বিএম২৪