সদরপুরে বিএসটিআইয়ের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা
সংগৃহীত
মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলায় বিএসটিআই, জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া, সিএম লাইসেন্স নিয়ে মিথ্যা তথ্য প্রদান, মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এসব জরিমানা করা হয়।
সোমবার (২৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে সদরপুরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযান সূত্রে জানা যায়, সদরপুর ফিলিং স্টেশনে অকটেন, পেট্রোল ও ডিজেল সরবরাহের ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১০০, ৮০ ও ১২০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সাড়ে সাতরশি এলাকার দাস বেকারিকে বিস্কুট ও ব্রেড পণ্যের সিএম লাইসেন্স সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সদরপুর বাজারের ভোলানাথ মেডিকেল হলকে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয়ের জন্য নয়—এমন ওষুধ বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের মেসার্স চৌধুরী মেডিকেল হলকে রেজিস্টার ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, মেসার্স লোকনাথ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ বিক্রি এবং ফার্মাসিস্ট লাইসেন্স না থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। নিউ খান ফার্মেসিকে ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট লাইসেন্স না থাকা এবং সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে ওষুধসংক্রান্ত অনিয়মের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে জব্দ করা ওষুধ ধ্বংস করা হয়।
মোবাইল কোর্টটি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার আশরাফের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, ফরিদপুরের পরিদর্শক (মেট) মোঃ খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।
বিএসটিআই, ফরিদপুর কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের পণ্য প্রতিরোধ, সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪









