যান্ত্রিক ত্রুটিতে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয়
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিদ্যুৎ বিভাগের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ।
সাময়িক এ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে গ্রাহকদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে পাওয়ার গ্রিড পিএলসি জানিয়েছে, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। এ ছাড়া মগবাজার, বনশ্রী ও খিলগাঁও এলাকাতেও বিদ্যুৎ নেই। চট্টগ্রামের কিছু অংশেও একই পরিস্থিতি দেখা দিয়েছে।
পাওয়ার গ্রিড পিএলসি আরও জানায়, বিদ্যুৎ বিপর্যয়ের কারিগরি কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ করছেন।
জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। তবে দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এমকে/বিএম২৪








