বাগেরহাটে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের তথ্য
সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাগেরহাটের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে শুরু হওয়া এ অভিযানে কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও সেবাসংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা হয়। অভিযানে প্রাথমিকভাবে কয়েকটি অনিয়মের তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুদক।
দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সংস্থাটির বাগেরহাট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল ও শ্যামল চন্দ্র সেন অংশ নেন।
অভিযানকালে বিআরটিএ কার্যালয়ের সেবা প্রদানের প্রক্রিয়া, বিভিন্ন কার্যক্রমের নথি এবং সংশ্লিষ্ট কাগজপত্র খতিয়ে দেখেন কর্মকর্তারা। তবে প্রাথমিকভাবে পাওয়া অনিয়মের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান কার্যালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা শেষে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
নথিপত্র যাচাই ও তদন্ত শেষে অনিয়মের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এমকে/বিএম২৪









