কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
সংগৃহীত
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে একাধিক শিল্পকারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা।
আন্দোলনরত শ্রমিক আজিজ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে বর্তমান বেতনে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের এক দফা দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা ও আশপাশের এলাকার বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সড়কে ব্যারিকেড তৈরি করেন।
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল এবং যান চলাচল বন্ধ ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিস বলেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা মহাসড়কে আন্দোলন করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
এমকে/বিএম২৪









