বিদেশি পিস্তল-গুলিসহ চট্টগ্রামে নাশকতার পরিকল্পনাকারী গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নাশকতার পরিকল্পনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার আমবাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. শাহীন (৩৪)। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার সাতগাঁও (অজি বাড়ী) এলাকার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রামের খুলশী থানার আমবাগান এলাকার সিরাজ মিয়ার বাড়িতে বসবাস করছিলেন। তিনি বিভিন্ন মামলারও আসামি বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ব্যবহার করে তিনি বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এ ঘটনায় খুলশী থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এমকে/বিএম২৪









