বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান
ডেস্ক রিপোর্টঃ
বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরে এক নির্বাচনি জনসভায় তিনি এ ঘোষণা দেন।
জনসভায় তারেক রহমান বলেন, ফরিদপুর অঞ্চলকে ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে শুষ্ক মৌসুমে পানির সমস্যার স্থায়ী সমাধান করা যায়। তিনি বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো বড় কাজ সম্ভব নয়। জনগণের সমর্থন পেলে বিএনপি যেকোনো বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম হবে।
ফরিদপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রয়োগের মাধ্যমে কৃষি ও শিল্প—উভয় খাতকে গড়ে তোলা হবে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তারা আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন।
নারীদের ভূমিকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের পিছিয়ে রেখে দেশ কখনো এগোতে পারে না। সে কারণে বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক গৃহিণীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে পিছিয়ে পড়া পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হবে এবং দেশ এগিয়ে যাবে।
এর আগে বরিশালের সমাবেশ শেষে দুপুর ২টা ৪০ মিনিটে হেলিকপ্টারে করে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করেন তারেক রহমান। পরে বিকেল ৩টার দিকে তিনি জনসভায় যোগ দেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো ফরিদপুর সফরে যান বিএনপি চেয়ারম্যান। তার আগমনকে ঘিরে ফরিদপুরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে সমবেত হন।
বা/মে২৪/ফা









