বান্দরবান সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান যুবদল নেতা রিয়াদ
ছবি: বিডি মেইল
মো. ওমর ফারুক হৃদয়, বান্দরবান সদর প্রতিনিধি
আসন্ন বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বান্দরবান জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন রিয়াদ চৌধুরী।
বুধবার (২৫ নভেম্বর) বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আবদুল মাবুদের কাছে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফরম জমা দেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবান সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা ও নির্বাচনী প্রস্তুতি বাড়ছে। এরই ধারাবাহিকতায় বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় নিজের প্রার্থিতা জানান দিয়েছেন যুবদল নেতা রিয়াদ চৌধুরী।
মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়।
মনোনয়ন প্রত্যাশার বিষয়ে রিয়াদ চৌধুরী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রমে কাজ করে আসছি। বান্দরবান সদর ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আগ্রহ থেকেই চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
‘দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে চাই। আমার প্রত্যাশা, একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন গঠনে কাজ করার সুযোগ পাব। দলীয় সিদ্ধান্তের প্রতি আমার পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রয়েছে। দল যে সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব।’
এদিকে, বান্দরবান সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আগ্রহ ও রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও আলোচনা চলছে। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কার ভাগ্যে জোটে, তা জানতে অপেক্ষায় রয়েছেন স্থানীয় রাজনৈতিক মহল।








