ফরিদপুরে জাফর বাজার যুব সংঘের কমিটি গঠন ও উদ্বোধন

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পিএম
ফরিদপুরে জাফর বাজার যুব সংঘের কমিটি গঠন ও উদ্বোধন

সংগৃহীত

মো. মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার ৮ নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সামাজিক ও সেবামূলক সংগঠন ‘জাফর বাজার যুব সংঘের’ পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় তরুণদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সংগঠনটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নম্বর কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মুরাদ হোসেন মিয়া, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ এবং ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহিদ মোল্যা।

অনুষ্ঠানে অতিথি ও নবগঠিত কমিটির নেতারা বলেন, তরুণদের ঐক্যবদ্ধ করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই এ সংগঠনের মূল লক্ষ্য।

সংগঠনটির ঘোষিত লক্ষ্য ও কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, অসুস্থ ও মুমূর্ষু ব্যক্তিদের চিকিৎসায় সহযোগিতা এবং কন্যাদায়গ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো। পাশাপাশি সামাজিক অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ভূমিকা রাখা এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া অসামাজিক কর্মকাণ্ড ও অপসংস্কৃতি প্রতিরোধ, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, কুসংস্কারবিরোধী সচেতনতা সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দেবে সংগঠনটি।

অনুষ্ঠানের শেষে সংগঠনের দায়িত্বশীল সদস্যরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘জাফর বাজার যুব সংঘ’ এলাকার তরুণদের ঐক্যবদ্ধ করে একটি সুন্দর, আদর্শ, মানবিক ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তাঁরা।

এমকে/বিএম২৪