ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল মরদেহ

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম
ভারত সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২৬ ঘণ্টা পর ফিরল মরদেহ

সংগৃহীত

সিলেট প্রতিনিধি

সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিতে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনার প্রায় ২৬ ঘণ্টা পর শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ২টার দিকে বিজিবির সহায়তায় ভারতের অভ্যন্তর থেকে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

নিহত খালেদ আহমদ কানাইঘাট উপজেলার এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভারতের আকুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ১০ জনের একটি দলের সঙ্গে কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তের ১৩৩৩ নম্বর মেইন পিলারসংলগ্ন মিকিরপাড়া এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেন খালেদ। পরে ভারতের আকুয়া এলাকায় তাঁদের লক্ষ্য করে এক ভারতীয় খাসিয়া ব্যক্তি গুলি ছোড়েন বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই খালেদের মৃত্যু হয়। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তাঁদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

আহত ব্যক্তিদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, ভারতীয় এক খাসিয়া ব্যক্তির গুলিতে খালেদ আহমদ ঘটনাস্থলেই নিহত হন। বিষয়টি বিজিবিকে জানানো হলে তারা বিএসএফকে অবহিত করে। তবে বিএসএফ ঘটনার দায় অস্বীকার করেছে বলে দাবি করেন তিনি।

পরে বিজিবির সহায়তায় শুক্রবার বেলা ২টার দিকে স্থানীয় বাংলাদেশিরা ভারতের অভ্যন্তর থেকে খালেদের মরদেহ দেশে ফিরিয়ে আনেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউপি সদস্য।

এ বিষয়ে জানতে দনা বিজিবি ক্যাম্পে মুঠোফোনে যোগাযোগ করা হলে পরে জানানো হবে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর একাধিকবার ফোন করা হলেও আর সাড়া পাওয়া যায়নি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তাঁরা ঘটনার খবর পেয়েছেন। স্থানীয়রা মরদেহ নিয়ে এসেছেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর সিলেটের কানাইঘাট উপজেলার সোনারখেওড় সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে শাহিন আহমদ নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।


এমকে/বিএম২৪