গাজীপুরে জামায়াতের রুকন সম্মেলন, সরকারকে শফিকুর রহমানের হুঁশিয়ারি
সংগৃহীত
আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার গণভোটের রায়কে অস্বীকার করছে এবং জুলাই সনদ বাস্তবায়ন করছে না। এভাবে চলতে থাকলে অতীতের মতো পরিণতি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুরের টঙ্গীতে শহীদ আব্দুল মালেক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দীন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। সমাজে দুর্নীতি, অনিয়ম ও অন্যায় বেড়েছে। জনগণের প্রত্যাশা ছিল, দেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু বিচার বিভাগ ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি এবং দলীয়করণ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর জামায়াতে ইসলামী ও তরুণ সমাজের প্রত্যাশা ছিল, দেশে শোষণমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। কিন্তু বর্তমানে বৈষম্যের নতুন মাত্রা যুক্ত হচ্ছে। শিক্ষাঙ্গনে দলীয়করণ, লুটপাট এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগও তুলে ধরেন তিনি।
জামায়াতের আমির বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের অভাব এবং রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ থেকে বিচ্যুতির কারণে মুসলিম বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এ অবস্থায় জনগণের আস্থা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে জামায়াতে ইসলামীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রুকনদের উদ্দেশে তিনি বলেন, পবিত্র কুরআনের শিক্ষা হৃদয়ে ধারণ করে ইসলামী চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে। নিজের নফসকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি পরিবারকেও ইসলামী আদর্শে পরিচালিত করতে হবে। সমাজের মানুষের সঙ্গে উত্তম ব্যবহার, সুন্দর আচরণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, ইসলাম শুধু শক্তি প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি; বরং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর উত্তম চরিত্র, নৈতিকতা ও আচরণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে। তাঁর আদর্শ অনুসরণ করেই মানুষের হৃদয় জয় করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা অনুসরণ এবং সুদ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
গাজীপুরের গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে শিল্পমালিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস। আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণের সমর্থন অর্জন ও বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে তাদের আস্থা অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা শাহজাহান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা দেলাওয়ার হোসাইন, উত্তরাঞ্চলের দায়িত্বশীল ড. খলিলুর রহমান মাদানী, সাবেক জেলা আমির আবুল হাশেম খান, গাজীপুর জেলা আমির ড. জাহাঙ্গীর আলম এবং টাঙ্গাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান ও হোসেন আলী, মহানগর সেক্রেটারি আ. স. ম. ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ও আজহারুল ইসলাম মোল্লা, সিটি মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান এবং মহানগর মহিলা বিভাগের সেক্রেটারি আমেনা বেগমসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা।
অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এএইচএম আব্দুল হালিম। এ সময় দেশীয় সাহিত্য-সাংস্কৃতিক সংসদের শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন।
এমকে/বিএম২৪








