আইএমএফের নতুন ঋণ নিয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন ঋণ পাওয়ার বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের পঞ্চম দিনে একটি প্ল্যানারি অধিবেশনে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের দেওয়া প্রস্তাবের চূড়ান্ত পর্যালোচনা নিয়ে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শিগগিরই দুই পক্ষ বৈঠকে বসবে।
তিনি আরও জানান, বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন বহুপাক্ষিক সংস্থা বাংলাদেশকে অর্থায়নের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। নতুন ঋণ পাওয়ার বিষয়ে বাংলাদেশ আশাবাদী।
বিশ্বজুড়ে কর্মসংস্থান নিয়ে উদ্বেগ
এদিকে একই অধিবেশনে বিশ্বব্যাপী কর্মসংস্থানের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
তিনি জানান, আগামী ১৫ বছরে বিশ্বজুড়ে প্রায় ১২০ কোটি তরুণ নতুন করে কর্মবাজারে প্রবেশ করবেন। বিপরীতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে মাত্র ৪০ কোটি মানুষের জন্য।
এ পরিস্থিতিতে বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।
এমকে/বিএম২৪








