সরকারের ১৮০ দিন পূর্তিতে যুবদলের মিছিল

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম
সরকারের ১৮০ দিন পূর্তিতে যুবদলের মিছিল

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শুভেচ্ছা মিছিল করেছেন জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।


বিকেল সাড়ে ৪টার দিকে নটরডেম কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ফকিরাপুল হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর মিছিলটি নাইটিঙ্গেল মোড়ের দিকে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহীন।


সমাবেশে গোলাম মাওলা শাহীন বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ১৮০ দিনের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবরা অবহেলার শিকার হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর মসজিদ ও মাদরাসার ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি বেতন বাড়ানোর উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।


দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবেই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সংকট দেখা দিয়েছে। পাশাপাশি তেলের সরবরাহও ব্যাহত হচ্ছে।


গোলাম মাওলা শাহীন বলেন, এসব সংকটের মধ্যেও দেশের মানুষ ধৈর্য ধরে সরকারকে সময় দিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণ সরকারকে আরও কিছু সময় দিলে অল্প সময়ের মধ্যেই গ্যাস ও বিদ্যুৎ সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।


তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারকে আপনারা আরও কিছু সময় দিন। ইনশাআল্লাহ, অতি দ্রুত চলমান সমস্যাগুলোর বেশিরভাগই সমাধান করা সম্ভব হবে।’




এমকে/বিএম২৪