পাবনায় পুষ্পপাড়া বাজারে মুখোশধারীদের গুলি, ইজারাদারসহ নিহত ২
সংগৃহীত
আব্দুল কাইউম, পাবনা প্রতিনিধি
পাবনার আতাইকুলায় পুষ্পপাড়া বাজারে মুখোশধারীদের গুলিতে হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তাঁর সহযোগী রিপন হোসেন (৫০) নিহত হয়েছেন। হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আব্দুস সালাম হাজী ও রিপন হোসেনের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে। আব্দুস সালাম হাজী পুষ্পপাড়া হাটের বর্তমান ইজারাদার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার সময় আব্দুস সালাম হাজী তাঁর সহযোগীদের নিয়ে হাটের অফিসকক্ষে বসেছিলেন। এ সময় মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে গুলিবিদ্ধ আব্দুস সালাম হাজী ও রিপন হোসেনকে উদ্ধার করেন। পরে তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন গুলি চালিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এমকে/বিএম২৪









