পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় সাতমেরা আ.লীগ সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পিএম
পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলায় সাতমেরা আ.লীগ সভাপতি গ্রেপ্তার

সংগৃহীত

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি


পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী ও নাশকতা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি সাতমেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পঞ্চগড় সদর উপজেলার দশমাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।


গ্রেপ্তার ফজলুর রহমান পঞ্চগড় সদর উপজেলার দুবানুচি গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, ফজলুর রহমান সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে অনলাইন ও অফলাইনে সরকারবিরোধী উসকানিমূলক প্রচারণা, নাশকতার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক আয়োজন এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টার অভিযোগ রয়েছে।


পুলিশ জানায়, পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবি ও পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দশমাইল এলাকায় অভিযান চালায়। অভিযানে ফজলুর রহমানকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়।


পুলিশ আরও জানায়, ফজলুর রহমানের বিরুদ্ধে গত ৩ জুলাই পঞ্চগড় সদর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মামলা করা হয়। মামলাটির নম্বর ০৯ এবং জিআর নম্বর ২৭৩/২৬। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।


জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


এমকে/বিএম২৪