নাটোরের চেচুয়া নদীতে ঐতিহাসিক নৌকাবাইচ, হাজারো মানুষের ঢল

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ এএম
নাটোরের চেচুয়া নদীতে ঐতিহাসিক নৌকাবাইচ, হাজারো মানুষের ঢল

সূত্রঃ সংগৃহীত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি, মোঃ আব্দুর রউফ


নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্তবর্তী চেচুয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক নৌকাবাইচ প্রতিযোগিতা। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে।


ফাইনাল রাউন্ডে সাতটি নৌকা প্রতিদ্বন্দ্বিতা করে। জমজমাট লড়াই শেষে কান্দিপাড়া এক্সপ্রেস প্রথম, উত্তরপাড়া এক্সপ্রেস দ্বিতীয় এবং সোনার মদিনা এক্সপ্রেস তৃতীয় স্থান অর্জন করে।


এর আগে মঙ্গলবার খাকড়াদহ যুব সমাজের আয়োজনে শুরু হয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা। এতে মোট ১৪টি বাইচের নৌকা অংশ নেয়। নৌকাগুলোকে সাতটি গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের প্রতিযোগিতা শেষে সাতটি নৌকা ফাইনাল রাউন্ডে জায়গা করে নেয়।


ঢাক-ঢোলের বাদ্য আর বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর হয়ে ওঠে চেচুয়া নদী। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ ভিড় করেন। উৎসবমুখর পরিবেশে দর্শকরা নৌকাগুলোর প্রতিযোগিতা উপভোগ করেন।


প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অর্জনকারী কান্দিপাড়া এক্সপ্রেসকে একটি ফ্রিজ, দ্বিতীয় স্থান অর্জনকারী উত্তরপাড়া এক্সপ্রেসকে একটি বড় এলইডি টিভি এবং তৃতীয় স্থান অর্জনকারী সোনার মদিনা এক্সপ্রেসকে একটি ছোট এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়।


আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী নৌকাবাইচ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।


এমকে/বিএম২৪