দাম্পত্য জীবনের শুরুতেই লংমার্চে চাকসু ভিপি ইব্রাহিম রনি

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
দাম্পত্য জীবনের শুরুতেই লংমার্চে চাকসু ভিপি ইব্রাহিম রনি

সূত্রঃ সংগৃহীত

চবি প্রতিনিধি


নানা জল্পনা-কল্পনার পর অবশেষে গত শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার এক দিন পরই রাজপথের কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে লংমার্চে অংশ নেওয়ার কথা জানান চাকসু ভিপি। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ঢাকা—চট্টগ্রাম লংমার্চ। বিকেল ৫:০০ টায় লালদিঘি ময়দানে থাকবো ইনশাআল্লাহ।’

জানা গেছে, ১১ দলীয় ঐক্য ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চসহ তিন মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আজ বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দানে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইব্রাহিম হোসেন রনি।

দুপুর সোয়া ১২টার দিকে মুঠোফোনে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘এই লংমার্চ কেবল একটি কর্মসূচি নয়, বরং জনগণের ন্যায্য দাবি ও প্রত্যাশার প্রতি আমাদের দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটের স্থায়ী সমাধান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণের অবসানসহ ছয় দফা দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছি।’

তিনি আরও বলেন, ‘জনগণের অধিকার ও আকাঙ্ক্ষার প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। এই লংমার্চের মধ্য দিয়ে আমরা সংশ্লিষ্টদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো রাষ্ট্রব্যবস্থা টেকসই হতে পারে না।’


এদিকে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইব্রাহিম হোসেন রনিকে বিয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘রনি ভাইকে অভিনন্দন। বিয়ের মতো একটি সহজ এবং গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছেন। আমাদের সমাজে বিয়েকে জটিল ও কঠিন আকারে হাজির করা হয়। অথচ বিয়ে জীবনের অত্যন্ত স্বাভাবিক অধ্যায়।’

সাঈদ বিন হাবিব আরও লিখেছেন, ‘আল্লাহ তায়ালা রনি ভাইয়ের দাম্পত্য জীবন কবুল করুন, বরকত দান করুন এবং নতুন পথচলাকে সহজ ও কল্যাণময় করে দিন।’



এমকে/বিএম২৪