এইচপির পেস বোলিং কোচ হচ্ছেন সৈয়দ রাসেল
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ক্রিকেটের পরিচিত মুখ সৈয়দ রাসেল এবার হাই পারফরম্যান্স (এইচপি) দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।
একসময় জাতীয় দলের নিয়মিত পেসার ছিলেন রাসেল। ওয়ানডেতে বাংলাদেশ একসঙ্গে দুজন পেসার খেলালে তাদের একজন হিসেবে প্রায়ই দেখা যেত তাকে। তবে ২০১০ সালের পর জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ার আর সেভাবে এগোয়নি। এরপর ঘরোয়া ক্রিকেটেই খেলেছেন তিনি।
খেলা ছাড়ার পর কোচিংয়ে যুক্ত হন রাসেল। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও জাতীয় ক্রিকেট লিগসহ (এনসিএল) ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে কোচ হিসেবে কাজ করেছেন। গত কয়েক বছর খুলনা বিভাগের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
তবে আসন্ন লাল বলের এনসিএলে খুলনা দলের সঙ্গে থাকছেন না রাসেল। এরই মধ্যে এইচপির পেস বোলিং কোচ হিসেবে তাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকায় বর্তমান এইচপি পেস বোলিং কোচ তালহা জুবায়ের নিয়মিত সময় দিতে পারবেন না। এ কারণে তার জায়গায় রাসেলকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে এইচপি দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। ক্যাম্পে ২৫ থেকে ২৭ জন ক্রিকেটারকে ডাকা হতে পারে। দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন মোহাম্মদ সালাউদ্দিন।
এমকে/বিএম২৪








