‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্যের পর আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে।


একই সঙ্গে বিআরটিএর আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও রদবদল করা হয়েছে। গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে নেওয়া সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।


আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে বদলি করা হয়েছে।


অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে একই পদে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়েছে। ফলে চট্টগ্রামে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন শফিকুজ্জামান ভূঞা।


এর আগে বিআরটিএর সেবা ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনের সময় কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’


ওবায়দুল কাদেরের ওই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে রাতারাতি আলোচনায় আসেন বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলম। এরপর থেকেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ কথাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠে।



এমকে/বিএম২৪