সিফাতকে ছেড়ে দিন, না হলে পরিস্থিতি বদলে যেতে পারে: শফিকুর রহমান

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
সিফাতকে ছেড়ে দিন, না হলে পরিস্থিতি বদলে যেতে পারে: শফিকুর রহমান

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষোভ ও বিরক্তি থেকে সিফাত নামের এক তরুণ কিছু কথা বলায় তাকে এমনভাবে গ্রেপ্তার করা হয়েছে, যেন তার বক্তব্যে দেশজুড়ে বড় কোনো অস্থিরতা তৈরি হয়েছে। তিনি সিফাতকে দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।


শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শফিকুর রহমান বলেন, ‘সিফাতকে ছেড়ে দেন। ভালোয় ভালোয় ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন—এক নূর হোসেন, এক ইয়াসমিন কিংবা এক ডাক্তার মিলন অনেকের গদি ওলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারে না।’


তিনি বলেন, সিফাতের ব্যবহৃত ভাষাকে তারা সমর্থন করেন না। তবে যে বিষয়ে সিফাত প্রতিবাদ করেছে, সেই বিষয়ে দেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে তার সঙ্গে একাত্ম হয়ে প্রতিবাদে সোচ্চার হবে।


জামায়াত আমির বলেন, তাদের ছয় দফা দাবি ইতোমধ্যে জনগণের সামনে তুলে ধরা হয়েছে। এর সঙ্গে আরও একটি দাবি যুক্ত হবে—দেশে কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের অস্তিত্ব তারা মেনে নেবেন না।


তিনি অভিযোগ করেন, চাঁদাবাজদের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এবং দুর্নীতির কারণে জনগণের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। একই সঙ্গে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার দাবি, এসব সেবা না থাকলেও জনগণকে নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে।


শফিকুর রহমান বলেন, ১৮ কোটি মানুষের দাবি আদায়ের লক্ষ্যেই তাদের এই কর্মসূচি। বিভিন্ন জায়গায় এর প্রভাব পড়তে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে জনগণও কাউকে ছাড় দেবে না। কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, বরং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন।


তিনি বলেন, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন রাজপথ ও জাতীয় সংসদে সমান্তরালভাবে চলবে।



এমকে/বিএম২৪