শিমে ডাবল সেঞ্চুরি, ডিমের ডজন দেড়শ—বাজারে নাভিশ্বাস

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পিএম
শিমে ডাবল সেঞ্চুরি, ডিমের ডজন দেড়শ—বাজারে নাভিশ্বাস

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। সবজি, মাছ, মুরগি ও ডিম—প্রায় সব পণ্যের দামেই বাড়তি চাপ দেখা দিয়েছে। কেজিপ্রতি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা এবং এক ডজন ডিমের দাম উঠেছে ১৫০ টাকায়। পাশাপাশি বিভিন্ন ধরনের মাছের দামও কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা, রামপুরা ও গুলশান কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।


বাজারে প্রতি কেজি ধুন্দল ৮০, টমেটো ১২০, লাউ ৬০-৮০, কাঁচামরিচ ১২০, ফুলকপি ৮০, শসা ৮০, গোল বেগুন ১০০ এবং লম্বা বেগুন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া গাজর ১৪০, কাঁকরোল ১০০, করলা ৮০, পটল ৬০, ঢ্যাঁড়স ৬০, শিম ২০০, কচুর মুখি ৮০, চিচিঙ্গা ৬০ ও পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চারটি লেবুর দাম চাওয়া হচ্ছে ৬০ টাকা।


বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ার পাশাপাশি বেশ কিছু সবজির উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। নতুন মৌসুমি সবজি বাজারে পর্যাপ্ত পরিমাণে উঠলে দাম কিছুটা কমতে পারে বলে তাদের ধারণা।


সবজির পর মাছের বাজারেও ক্রেতাদের স্বস্তি নেই। তেলাপিয়া প্রতি কেজি ২৫০-২৬০, পাঙাশ ২০০, কাতল ৪৫০ এবং আকারভেদে রুই ৩৬০-৪২০ টাকায় বিক্রি হচ্ছে। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১ হাজার ৯০০ টাকা পর্যন্ত।


মাছ বিক্রেতাদের দাবি, আড়তে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। চাহিদার তুলনায় বাজারে মাছের পরিমাণ কম থাকায় দাম ওঠানামা করছে।


এদিকে মুরগির দামও বেড়েছে। ব্রয়লার প্রতি কেজি ১৮৫-১৯০, সোনালি ৩১০-৩২০ এবং লেয়ার ৩৮০-৩৯০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের অভিযোগ, পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর কারণেই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।


ডিমের বাজারেও একই পরিস্থিতি। এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। বিক্রেতারা বলছেন, প্রতিদিনই দাম বাড়ছে এবং শিগগিরই কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না।


বাজারে আসা ক্রেতারা বলছেন, আগে মাছ কেনা সম্ভব না হলে সবজি কিংবা ডিম দিয়ে সংসারের প্রয়োজন মেটানো যেত। এখন সেসব পণ্যের দামও নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেক সবজির দাম কেজিতে ৮০ থেকে ১০০ টাকার ওপরে হওয়ায় সীমিত আয়ের মানুষের বাজারের তালিকা ক্রমেই ছোট হয়ে আসছে। ফলে বাড়তি দামের চাপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা।



এমকে/বিএম২৪