সরকার জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে: গোলাম পরওয়ার

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম
সরকার জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে: গোলাম পরওয়ার

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


সরকার জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতিও ভঙ্গ করেছে।


শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এ লংমার্চের আয়োজন করে।


গোলাম পরওয়ার বলেন, সরকারকে সংসদে ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে। জনগণের দেওয়া রায় ও প্রত্যাশাকে উপেক্ষা করে দেশ পরিচালনা করা যাবে না।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায়ে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চে কোনো বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানো হবে। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না।


বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, ‘এ লংমার্চ আপামর জনতার।’ সরকার লংমার্চে বাধা দিলে সব বাধা উপেক্ষা করে চট্টগ্রামে পৌঁছানোর ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ১১ দলের ছয় দফা দাবি এক দফায় রূপ নেওয়ার কথাও বলেন।


বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতার মসনদে বসে জাতিকে ভুলপথে পরিচালনার চেষ্টা করলে তাদের টেনে নামাতে এক চুলও হাত কাঁপবে না।


এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প ও ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ছয় মাসে বিএনপি সরকারের বলার মতো আর কোনো সাফল্য নেই।


তিনি আরও বলেন, ৩১ দফার স্বপ্ন দেখানো এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করা দলের কার্যক্রমে ইতোমধ্যে মানুষ হতাশ হতে শুরু করেছে। যারা গণভোটের রায় মানে না, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াবে না বলে প্রতিশ্রুতি দিয়ে পরে দাম বাড়ায় এবং দলীয়করণ না করার কথা বলে ব্যাপক দলীয়করণ করে, জনগণ কীভাবে তাদের বিশ্বাস করবে—এ প্রশ্নও রাখেন তিনি।


সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে।



এমকে/বিএম২৪