জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করলে সরকারকে জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করলে সরকারকে জনগণ ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা সংরক্ষণ এবং দেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্য রাজপথে নেমেছে।
তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য সরকারকে জনগণ ক্ষমা করবে না।
জামায়াত আমির বলেন, ১১ দলীয় ঐক্য সবসময় জনগণের পাশে রয়েছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তারা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে চান। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জন করে ঘরে ফেরার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হয়েছে।
শনিবার সকাল থেকেই রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা ও নারায়ণগঞ্জ থেকে নেতাকর্মী-সমর্থকেরা শিমরাইল মোড়ের ট্রাকস্ট্যান্ড মাঠে জড়ো হন। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ১১ দলীয় ঐক্যের নেতা কর্নেল (অব.) অলি আহমেদ, মাওলানা মামুনুল হকসহ জোটের আরও কয়েকজন নেতা বক্তব্য দেন।
ঢাকা থেকে শুরু হওয়া লংমার্চটি নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পথসভা করে চট্টগ্রামের দিকে এগিয়ে যাবে। পরে চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
এমকে/বিএম২৪









