ডাকবাংলা–মির্জাপুর সংযোগ গলিপথ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
সূত্রঃ সংগৃহীত
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনা নগরীর ডাকবাংলা এলাকার বেবি ট্যাক্সি স্ট্যান্ড থেকে এপিসি স্কুলের মোড় হয়ে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত নির্মাণাধীন সংযোগ গলিপথে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়কটি দ্রুত ও টেকসইভাবে নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাকবাংলা এলাকার বেবি ট্যাক্সি স্ট্যান্ড থেকে এপিসি স্কুলের মোড় হয়ে মির্জাপুর মল্লিকের মোড় পর্যন্ত সংযোগ স্থাপনের জন্য গলিপথটির নির্মাণকাজ চলছে। পথটি চালু হলে স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীদের চলাচল সহজ হবে। পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকার মধ্যে যাতায়াতের দূরত্ব ও সময় কমবে বলে আশা করছেন এলাকাবাসী।
তবে নির্মাণকাজ শুরুর পর থেকেই এর মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, গলিপথ নির্মাণে খোয়া তৈরির জন্য অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া ঢালাইয়ের কাজেও নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের প্রত্যাশিত এই সংযোগপথটি যেন কোনোভাবেই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে তৈরি না হয়। নির্ধারিত মান অনুযায়ী উপকরণ ব্যবহার এবং নির্মাণকাজে নিয়মিত তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, নির্মাণকাজে অনিয়ম কিংবা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সরেজমিনে পরিদর্শন করা প্রয়োজন। একই সঙ্গে নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
তাদের প্রত্যাশা, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নির্মাণকাজ সরেজমিনে তদারক করবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর মতে, সঠিক পরিকল্পনা, মানসম্মত নির্মাণসামগ্রী ও যথাযথ তদারকির মাধ্যমে গলিপথটির নির্মাণকাজ শেষ করা হলে এটি নগরবাসীর জন্য নিরাপদ ও স্বল্পসময়ের চলাচলের একটি গুরুত্বপূর্ণ সংযোগপথ হিসেবে ভূমিকা রাখতে পারে।
এমকে/বিএম২৪









