কালিয়াকৈরে বনভূমি দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পিএম
কালিয়াকৈরে বনভূমি দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

সূত্রঃ সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:


গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরতকীতলা এলাকায় সরকারি বন বিভাগের জমি দখল, গাছ কেটে রাস্তা নির্মাণ, বাসাবাড়ি ও মার্কেট নির্মাণ এবং ব্যক্তিগত কবরস্থান তৈরির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে হরতকীতলা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বনভূমি রক্ষা, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।


মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বন বিভাগের জমি রক্ষা এবং কথিত দখল ও অনিয়ম বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।


অভিযোগকারীরা জানান, একই বিষয়ে এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কালিয়াকৈর থানা ও বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সাবেক পৌর কাউন্সিলর মো. বেলায়েত হোসেন বেলাল এ বিষয়ে অভিযোগ করেছেন বলে জানান তারা।


অভিযোগে সরকারি বনভূমি দখল, গাছপালা কেটে রাস্তা তৈরি, বনভূমিতে ময়লা-আবর্জনা ফেলা এবং স্থানীয়দের হয়রানির কথা উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।


অভিযোগকারীরা বলেন, লিখিত অভিযোগ দেওয়ার পরও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।


বিক্ষোভ কর্মসূচিতে সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন বেল্লাল, কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, মো. ইব্রাহিম, জালাল উদ্দিন, ইসহাক রাব্বি, অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন, দুলাল হোসেন, মনির হোসেন, সুজন, রাকিব, মাসুদ, কাবেল, জলিল, সামান উদ্দিন, আলাউদ্দিন, হেলাল উদ্দিন, বাবুল মিয়া, শাহেদ ও রাসেলসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


এ সময় এলাকাবাসী বনভূমি দখলের অভিযোগ দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং সরকারি বনভূমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বনভূমির খালি জায়গায় সরকারি উদ্যোগে গাছ লাগানো এবং স্থানীয়দের জন্য কবরস্থান নির্মাণের ব্যবস্থা করারও দাবি জানান তারা।


এমকে/বিডিমেইল২৪