ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পিএম
ক্ষেতলালে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সূত্রঃ সংগৃহীত

মোহন চন্দ্র, জয়পুরহাট প্রতিনিধি


জয়পুরহাটের ক্ষেতলালে মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিনাই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামি মো. মিজানুর রহমান (৪৫)। তিনি বিনাই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুর রহমানের ভাতিজা।


পুলিশ ও আদালতের নথি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার একটি মামলায় জয়পুরহাট সদর আদালত মিজানুর রহমানকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।


তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ক্ষেতলাল থানা পুলিশ। অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে জয়পুরহাট সদর আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হবে।


ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বলেন, ‘ক্ষেতলালে মাদকের বিরুদ্ধে থানা পুলিশের সব সদস্যকে কঠোরভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে থেকে দমনের চেষ্টা করব। পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’



এমকে/বিএম২৪