সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ
সূত্রঃ সংগৃহীত
জ্যেষ্ঠ প্রতিবেদক
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে ভুটানের সমর্থন চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটিতে (জিএমসি) পেশাদার, দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর মাধ্যমে সহযোগিতার আগ্রহের কথাও জানিয়েছে ঢাকা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট নেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সময় তার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এসব বিষয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান।
সাক্ষাতে দুই মন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ হিসেবে ভুটানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
এ সময় ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটিতে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে পেশাদার, দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর মাধ্যমে সহযোগিতার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান দুই মন্ত্রী।
আলোচনায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নত দক্ষিণ এশিয়া নিয়ে স্বপ্নের কথাও স্মরণ করা হয়। পাশাপাশি এ অঞ্চলের দেশ ও জনগণের সামষ্টিক কল্যাণ নিশ্চিত করতে সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সমর্থন কামনা করে বাংলাদেশ।
সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর জার্মানির উদ্দেশ্যে ঢাকার উদ্দেশে নয়, বরং ঢাকা থেকে জার্মানির পথে রওনা দেন ভুটানের প্রধানমন্ত্রী।
এমকে/বিএম২৪









