বিমানবন্দর থেকে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক
সূত্রঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং শেষে দেশে ফেরার দিন গত ২৮ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহারভুক্ত আসামি পলাশ বর্তমানে কারাগারে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর পলাশকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে পলাশ নেপালে ছিলেন। গত আগস্টে শুরু হওয়া সিনেমাটির ২৫ দিনের বেশি শুটিং শেষে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরে সিনেমাটির দল। সেদিনই বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে এত দিন তার গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ্যে আসেনি।
মামলা–সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্য আসামিদের বিষয়ে পলাশের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে পলাশ কারাগারে থাকায় অনিশ্চয়তায় পড়েছে তার অভিনীত ‘শিকার’ সিনেমার বাকি কাজ। নেপালে সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। এখনো কয়েকটি দৃশ্য ও গানের শুটিং বাকি রয়েছে। আগামী অক্টোবরে এসব দৃশ্যের শুটিং করার পরিকল্পনা ছিল নির্মাতা কামরুজ্জামান রোমানের। তবে নায়ক কারাগারে থাকায় চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করতে পারছেন না তিনি।
পরিচালক কামরুজ্জামান রোমান বলেন, নেপালে ‘শিকার’ সিনেমার বেশির ভাগ অংশের শুটিং সফলভাবে শেষ হয়েছে। আগামী অক্টোবরে দেশে ও অন্যান্য লোকেশনে বাকি কাজ শেষ করার পরিকল্পনা ছিল। কিন্তু মরতুজা পলাশ বর্তমানে কারাগারে থাকায় শুটিংয়ের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান ও পুরো টিম আশা করছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি দ্রুত মুক্তি পাবেন। তবে আইনি জটিলতা দীর্ঘায়িত হলে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত অপেক্ষা করা ছাড়া তাদের হাতে বিকল্প নেই।
সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে থ্রিলার ঘরানার সিনেমা ‘শিকার’। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটিতে মরতুজা পলাশ ও অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।
এমকে/বিএম২৪









