পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক ব্যক্তি এবং পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ।
স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কোহাত জেলার পুলিশ সদর দপ্তরের মসজিদের গেটে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে ধাক্কা দেয় হামলাকারীরা। পরে গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হয়। ওই সময় জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগুলি শুরু হয়। এতে একজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে।
বার্তা সংস্থা ডিপিএর প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর স্থানীয় হাসপাতালে ১৫টি মরদেহ এবং প্রায় ৫০ জন আহত ব্যক্তিকে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তাহির শাহ জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
হামলার পর নিরাপত্তা বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে। এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া প্রদেশে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সক্রিয়তা রয়েছে। গোষ্ঠীটি অতীতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। তবে শুক্রবারের হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি, আলজাজিরা, ডিপিএ
এমকে/বিএম২৪









