জীবাশ্ম জ্বালানি প্রকল্প বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
জীবাশ্ম জ্বালানি প্রকল্প বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন

সূত্রঃ সংগৃহীত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি


জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় জীবাশ্ম জ্বালানিনির্ভর নতুন প্রকল্প ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।


শুক্রবার সকালে উপজেলার কানাইনগর এলাকায় পশুর নদীর তীরে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার ও ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকায় নতুন করে জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্প গ্রহণ পরিবেশ ও জনজীবনের জন্য উদ্বেগের কারণ। তারা জীবাশ্ম জ্বালানির নতুন প্রকল্পে অর্থায়ন বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানান।


কর্মসূচিতে ধরা’র নেত্রী অসীমা মন্ডল ও বৃষ্টি সরকার, পশুর রিভার ওয়াটারকিপারের সংগঠক রেশমা খাতুন, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের মেহেদী হাসানসহ স্থানীয় পরিবেশকর্মী ও সাধারণ মানুষ বক্তব্য দেন।


বক্তারা দাবি করেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে পশুর নদী ও সুন্দরবনসংলগ্ন পরিবেশ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। বিশেষ করে নদীর পানি, মৎস্যসম্পদ ও জেলেদের জীবিকা নিয়ে তারা আশঙ্কা প্রকাশ করেন।


তাদের ভাষ্য, উপকূলীয় অঞ্চলে পরিবেশগত ঝুঁকি বিবেচনায় নিয়ে জ্বালানি নীতি পুনর্বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।


মানববন্ধন থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ ক্ষতিকর বলে বিবেচিত জীবাশ্ম জ্বালানি প্রকল্প পুনর্মূল্যায়ন, নতুন প্রকল্পে অর্থায়ন বন্ধ এবং টেকসই জ্বালানি ব্যবস্থায় বিনিয়োগ বাড়ানোর দাবি জানানো হয়।



এমকে/বিএম২৪