জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পিএম
জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

সূত্রঃ সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মাঝিরঘাট নৌ পুলিশ।


বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পালারচর এলাকার পদ্মার চরের একটি জঙ্গলের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে ফাঁড়ির এসআই এনামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে তীব্র স্রোত থাকায় সেদিন মরদেহটির সন্ধান পাওয়া যায়নি।


বুধবার সকালে নৌ পুলিশের সদস্যরা পুনরায় পালারচর সংলগ্ন পদ্মার চরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে চরের জঙ্গলে আটকে থাকা অবস্থায় মরদেহটির সন্ধান পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়।


দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি পচে গলে বিকৃত হয়ে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর কারণ ও পরিচয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।


আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার খবর পাওয়ার পর থেকেই নদীতে তল্লাশি চালানো হচ্ছিল। বুধবার চরের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এমকে/বিএম২৪