চুয়াডাঙ্গায় ক্লিনিকের অপারেশন টেবিলে বিএনপি নেতার মৃত্যু, ভাঙচুর
সূত্রঃ সংগৃহীত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের উপশম নার্সিংহোমে অপারেশন টেবিলে বিএনপি নেতা রবগুল মোল্লার মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে অপারেশন চলাকালে তাঁর মৃত্যু হয়। পরে ক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে দুই দফা ভাঙচুর করেছেন বলে জানা গেছে।
নিহত রবগুল মোল্লা চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
পরিবারের অভিযোগ, অপারেশনের সময় চিকিৎসককে সহযোগিতা করছিলেন নাজমা নামের এক টেকনিশিয়ান। স্বজনদের দাবি, তিনি দক্ষ ও প্রশিক্ষিত কি না, তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। অপারেশনের সময় জটিলতা দেখা দেওয়ার পরও যথাযথ চিকিৎসা না পাওয়ায় রবগুল মোল্লার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা।
স্বজনরা আরও অভিযোগ করেন, রবগুল মোল্লার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর দায় এড়াতে ক্লিনিক কর্তৃপক্ষ বারবার তাঁকে রাজশাহী নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। তবে শেষ পর্যন্ত অপারেশন টেবিলেই তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা উপশম নার্সিংহোমে গিয়ে ভাঙচুর করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
তবে রোগীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম ছিল কি না, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। রোগীর মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহের ময়নাতদন্ত ও সংশ্লিষ্ট চিকিৎসা নথি পর্যালোচনা করা হলে বিষয়টি আরও স্পষ্ট হতে পারে।









