আমতলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি অহিদুজ্জামান ওরফে উজ্জলকে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাবের সহযোগিতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অহিদুজ্জামান ওরফে উজ্জল আমতলী উপজেলার চাওড়া কালীবাড়ি এলাকার রাজ্জাক খানের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আদালত থেকে সাজা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদক উদ্ধার, মাদক কারবারে জড়িতদের গ্রেপ্তার এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
এরই ধারাবাহিকতায় অহিদুজ্জামান ওরফে উজ্জলের অবস্থান শনাক্ত করা হয়। পরে র্যাবের সহযোগিতায় গত ১৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মাদক নির্মূলে চলমান অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, সরবরাহ, সেবন ও মাদকসংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান আরও জোরদার করা হয়েছে।








